যদি আরেকটা যুদ্ধ হয় পৃথিবী নামক গ্রহে?
যদি ঝরে পড়ে প্রাণ অন্তহীন-
ক্ষুধা, দারিদ্র্য, দুঃসময় আসে যদি ক্রমাগত;
ফসলের মাঠে, শান্তজলে, লাউকুমড়ার হাসিতে,
শর্ষেফুলে, কোমল জায়নামাজে, উদার মন্দিরে, চার্চে, গির্জায়, প্যাগোডায় কিংবা আরশে আজিমে?
মহড়া হয় যদি পরমাণুর শক্তির লড়াইয়ে,
মানুষ যদি আর না টেকে অস্ত্রের সম্মুখে,
তাবত পৃথিবী যদি হয় শ্মশান কিংবা গণকবর,
আমার জল জোছনায় আছড়ে পড়ে যদি
বারুদ, গোলা, মাইন আর কয়লাখনি হয়
যদি অনন্ত নীলাকাশ ছাইরঙের অভিশাপে :
আমি ঈশ্বরকে বলব সেদিন-
তোমার পুরুত-মোল্লা-ফাদার কিংবা ডুগডুগির বাজনদারকে তোলে নাও, তোলে নাও
তোমার অভিশপ্ত এজেন্টদের!
পৃথিবীকে বাঁচাতে এরা পারেনি কোনো তত্ত্বের কৈফিয়তে!!!
