প্রথম পাতা » কবিতা » আয়নাঘর

আয়নাঘর

Hidden Prison

কবেকার পুরনো এক সংক্ষিপ্ত ঘর,
দেয়ালের পলেস্তারা খসে গেছে
মাকড়শা নীরবে বুনেছে জাল
সিলিং পড়েছে ঝুলে
সারাক্ষণ এগজোস্ট ফ্যানের বিকট আওয়াজ
নিরাপদ দূরত্বে সাদা পোশাকের
জ্যামিতিক পায়চারী
শীতল স্যাঁতসেঁতে গন্ধের কলরব –
এ ঘরে আমি খুব একা
মেঝেয় আত্মক্ষরণের ঘন দাগ
লালচে হয়ে গেছে ;
জমে আছে অজস্র
অনিদ্রিত রাতের নস্টালজিয়া –
পারুদি’ র হলদে মাখা হাত,
চাদরে ঢেকে রাখা কাটা রাইফেল
বুক পকেটে কার্তুজ ।
অনেক বছর যেন সহস্র বছর
ধরেই এ ঘর হয়েছে পোয়াতি
স্পষ্টভাষী মানুষের ভিড়ে!
কী আছে এ ঘরে- শূন্যতা
একবুক দীর্ঘশ্বাস
সমুহ মৃত্যুর অপেক্ষায় প্রহর
গুনে চলা, চোখে নিয়ে
নিস্ফল দুফোঁটা জল।
এখানে কোনোরকম ঢুকে পড়লেই
বুঝে নিতে হয় – বেঁচে থাকা
এক আশ্চর্য ম্যাজিক।

নির্জন এ ঘরে বৃষ্টি গড়িয়ে
পড়বার মতন
অস্পষ্ট শব্দে মনে পড়ে-
আমি বলতে চেয়েছিলাম –
আমাকে মেরে ফেললেও
মেরে ফেলতে পারবে না
আমার বেঁচে থাকবার কৌশল।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *