ভাষা’র মাস
এক ঝাঁপিয়ে সবুজ শরীর – লাল ঠোঁটের ওই টিয়ে
উড়তে উড়তে হঠাৎ করে – বসলো ডালে গিয়ে।
এই শরীরে দেখছি আমি – একটি দেশের রেশ
জানবে তুমি ভাবলে তবে – এটাই বাংলাদেশ।
এইতো ভাষা’র মাস জুড়ে যেই – প্রভাতফেরির দল
প্রস্তুতি নেয় একুশ তারিখ – নামবে বিরাট ঢল।
প্রভাতফেরি প্রভাতফেরি – শহর-নগর বায়
শ্রদ্ধা দিবেন এক সাথে সব – শহীদ মিনার যাই।
সালাম রফিক বরকত এবং শফিক আরো কত
ভাষা’র জন্য জীবন দিয়ে – হলেন তাঁরা গত।
রাষ্ট্রভাষা বাংলা চাই – এটাই ছিলো মূলে
পেলাম ভাষা বলছি কথা – তাঁদের যাবো ভুলে!?

দূষণ
এই জ্বর এই গম – মা’য় থাকে পাশে
সর্দি’টা সারে নাতো – রয় বারোমাসে।
ঔষধ খেতে খেতে – বুকটা ঝাঁঝরায়
গরমের চুলকানি – হয় বাপু কাচরায়!
বাহিরের খাবারে – কি’বা যেনো মিশে রয়
হাতে লই খেতে গিয়ে – ক্যান জানি ভয় হয়।
পথঘাট ধুলাবালি – দূষণের আসে বায়ু
এইসব জীবনের – কেড়ে লয় কিছু আয়ু।
শহরের নদীনালা – বর্জ্যের ছড়াছড়ি
মানুষের জ্ঞান করে – রাস্তায় গড়াগড়ি।
কত নিচু কত উঁচু – জায়গায় হেঁটেছি
তোমাদের দূষণের – শহরেরো ঘেঁটেছি।
হোটেলের ডেকচিতে – মশা-মাছি উড়ছে
সেই সব খেতে কতো – রোগা লোক ঘুরছে।
আমি যেনো মরিমরি – সেই সারি বেয়ে
আর কতো মাতি বলো! এই সব গেয়ে?

ইচ্ছে আমার
ইচ্ছে আমার ফুলের মত
পাপড়ি মেলে ফুটতে,
ইচ্ছে আমার রবির মত
টগবগিয়ে উঠতে।
ইচ্ছে আমার মেঘের কোলে
বৃষ্টি হয়ে ঝরি,
ইচ্ছে আমার জীবন টাকে
নতুন ভাবে গড়ি।
ইচ্ছে আমার পাখির মত
আকাশ ছুঁয়ে উড়তে,
ইচ্ছে আমার দেশ-বিদেশে
মনের মত ঘুরতে।
ইচ্ছে আমার আসমানীরে
আলতু করে ছুঁই
ইচ্ছে আমার সোনার জলে
বিশ্ব টাকে ধুই।
ইচ্ছে আমার পড়তে ভীষণ
নানান স্বাদের বই
ইচ্ছে আমার বর্ণ ভেঙে
সবার সাথে রই।
সেই পথ ধরি
ঝুনঝুন জোনাকিরা গুনগুন সুরে
গাই গান আল্লাহরই সারারাত জুড়ে।
ঝিঁঝিঁরাও গলা ফাটা দেয় বনে ডাক
সৃষ্টির সেরা মোরা ঘুমে ডাকি নাক।
ভুলে গেছি এসে গেছে সিয়ামে’র মাস
আমরা তো নই কিছু শুধু তারই দাস।
পূণ্যের থলে নিয়ে যেনো মোরা মরি
তাই চলো আল্লাহরই সেই পথ ধরি।
টুনটুনি পাখি
টুনটুনি পাখি
করে ডাকাডাকি,
ধরা নেই ছোঁয়া নেই
যা-ই দিয়ে ফাঁকি।
টিং টিং নাচে
ছোট বড় গাছে,
পোকা খেয়ে রোজ তার
জীবনটা বাঁচে।
খোকা ডাকে আয়
খেলি তাই তাই,
মজা হবে মজা হবে
টুনটুনি ভাই।
