প্রথম পাতা » কবিতা » পৃথিবী ধ্বংস হবে প্রেমিকের দীর্ঘশ্বাসে

পৃথিবী ধ্বংস হবে প্রেমিকের দীর্ঘশ্বাসে

sigh of a lover

আরারুত পর্বতে থামা নূহের প্লাবনে,
সুপ্ত আগ্নেয়গিরির জীবন্ত বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত লুতের উত্তর পুরুষের নগরী; পম্পেই’র পতনে।
তুরের পাদদেশে মুসা’র বেহুঁশ হওয়ার সমান নূরের রোশনাই-এ।
খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কিংবা সুনামির তীব্রতর ব্যাপকতায় পৃথিবী ধ্বংস হয়নি,
হবে না প্রকৃতির ঐকান্তিক বাসনায়।

গ্রীক, হুণ, তুর্ক ও যাযাবর মঙ্গল আক্রমণে।
আরব, ফিনিশিয়, পর্তুগিজ, বর্বর নর্স অভিযানে;
চেরোনোবিল, নাগাসাকি আর হিরোসিমায় দিগন্ত কাঁপানো সশব্দ বিস্ফোরণ ও এ্যাটমের তীব্রতায়।
যুদ্ধ, লুণ্ঠন, আক্রমণ, আবিষ্কার ও প্রতিশোধের নেশায় উন্মত্ত মানুষের হাতে।
পৃথিবী ধ্বংস হয়নি;
হবে না মানুষ ও মানুষের সংঘর্ষে, জ্ঞানে।

দুর্মর গুটিবসন্তে, তীব্র ছোঁয়াচে মরণমুখী প্লেগ, দুরারোগ্য ফ্লু কিংবা নাবিকের গায় মেখে পৃথিবী ছড়ানো দুঃসহ পীত জ্বরে;
মহামারীর নির্মম তীব্রতায়।
এইচআইভি এমনকি সঙ্গনিরোধের বিধি বাহক কোভিডের মরণকামড়ে।
পৃথিবী ধ্বংস হয়নি হবেও না রোগে, শোকে মানুষের কান্নাজলে।
শিমুল, পৃথিবী ধ্বংস হবে দেখো- প্রেমিকের দীর্ঘশ্বাসে একাকি বেদনার অভিশাপে, নীলে।

প্রেমিকের হৃদয় জুড়ে কান্নার খাঁ খাঁ উত্তাপ পুড়িয়ে দেবে সবুজ ঘাস।
প্রেমিক মনের দুঃখের নহবত শুনে ঝরে পড়বে সমস্ত কলি, ফুটন্ত ফুল।
প্রেমিকের পোড়া হৃদয়ের অন্ধকারে একদিন ঢেকে যাবে চাঁদ, আঁধারের গাঢ় অমানিশায়।
প্রেমিকের নোনা অশ্রুতে হারিয়ে যাবে সমস্ত উর্বরতা।
প্রেমিকের আর্তনাদে গান ভুলে যাবে পৃথিবীর সব পাখি।

থেমে যাবে বিভোর ঝিঁঝিঁ পোকার গান ধ্বংসস্তূপে জড়ো হবে মৃত আরশোলারা একে একে।
প্রেমিকের হাত ধরে সূর্যও হারাবে একদিন বিরহের অন্ধকারে;
কেঁদে কেঁদে ক্ষয় হবে উত্তাপ ও আলো।
তারপর সবকিছু হারিয়ে যাবে বেদনায়, গাঢ় নীলে।

পৃথিবী ধ্বংস হবে একদিন প্রেমিকের দীর্ঘশ্বাসে তোমাকে হারানোর অব্যক্ত বেদনা গুলে।

১৪জুন, ২০২২। জাদুনগর।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *