প্রেমে পড়া মানুষ যেমন,
নিজের সর্বনাশটুকুও
উৎসব ভেবে বিলিয়ে দেয়—
আমিও তাই দিয়েছিলাম,
ঘুম দিয়েছি, অহংকার দিয়েছি,
রাত জেগে লেখা আমার সমস্ত গোপন কবিতাও
তোমার দু’হাতের কাছে সমর্পণ করেছি।
তারপর…?
তারপর.. একদিন তুমি চলে গেলে ।
ঠিক যেমন রাষ্ট্র ভেঙে গেলে
মানচিত্রে কিছু নদী একা হয়ে যায়
তেমনি, এখন আমি নির্বাসিত মানুষের মতো
নিজের ভেতরেই বাস করি।
শহরে ভিড় আছে,
বন্ধু আছে,
সিগারেটের ধোঁয়া আছে,
কেবল তোমাকে ডাকার মতো
কোনো বৈধ অধিকার নেই।
প্রত্যেক নির্বাসিত কবির
নিজস্ব কবিতা থাকে,
থাকে নির্বাচিত কিছু দীর্ঘশ্বাস
যেগুলো প্রকাশিত হয় না,
হবেই বা কি করে ?
রাত গভীরে বিক্রিত প্রকাশনীতে
আবেগ প্রকাশ রাষ্ট্রীয় আইনে বারিত।
মিটিমিটি জ্বলা তুমিই এখনো,
আমার নিঃসঙ্গ রাতের ধ্রুব তারা।
দূরে আছো,
অস্পর্শে আছো,
তবু সমস্ত অন্ধকারে,
তোমাকেই প্রদক্ষিণ করে
আমার অব্যক্ত আবেগ ।
