ফেঁসে গেছে দুনিয়ার মতলব।
দীর্ঘ-রাতে জেগে জেগে মহল্লায় ঘুরে ঘুরে…
একজোড়া তালগাছ বাতাসে শির শিরে নয়নে নয়ন রেখে দাঁড়িয়ে আছে চিত্রাহরিণী,
চোখ ঝলমল…
যুগসন্ধির আলো মেখে পাশের বাড়ির বালিকা
বাইরের দিকে চেয়ে আছে, সমাদৃতা।
মহাবিশ্বে কতো বিস্ময় ঘটে যায়…
বালিকার চোখদ্বয় সে খবর রাখে না।
স্বর্গগঙ্গায় এক লক্ষ ছিয়াশি হাজার দু’শো বিরাশি মাইল বেগে
এই উপত্যকা ভেদ করছে অনুসন্ধানী মন।
বালিকার এপেন্ডিকুলার স্কেলেটনে
কোমল-কোমল স্পর্শ জাগে।
শব্দের নাভি, প্রাচীন দুর্লভ ধনসম্পদ, রঘু ডাকাতের বংশধরেরা নিয়ে গেছে।
তাল গাছের মগজে রাজনীতির উত্থানের পর থেকে
এ পাড়ায় আর প্রেম করেনি কেউ।
